ভারতীয় ক্রিকেটার রামানদীপ সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় হিন্দি টিভি ধারাবাহিকের অভিনেত্রী চার্লি চৌহান। গত ৭ আগস্ট একটি গুরুদুয়ারায় শিখ রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বর-কনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ক্রিকেটার অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার এবং জসিন্দার সিং।
রামানদীপ সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এবং চার্লির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ আট বছরের। বিয়ের বিষয়ে অভিনেত্রী জানান, তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন এবং এবার সেই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নবদম্পতি তাদের বিয়ের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবিগুলোর মধ্যে রামানদীপকে ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়িতে দেখা যায়। অন্যদিকে, চার্লি ঐতিহ্যবাহী মেরুন রঙের ব্রাইডাল লেহেঙ্গা পরেছিলেন, যা ভক্তদের নজর কেড়েছে।
ছবিগুলোর সঙ্গে তারা একটি ইনফিনিটি ইমোজি ব্যবহার করেছেন। পোস্টটি প্রকাশের পর থেকে বন্ধু, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন নবদম্পতি। চার্লির সাবেক প্রেমিক কুনওয়ার অমরও বিয়েতে অভিনন্দন জানিয়েছেন।
চার্লি চৌহান ২০০৯ সালে টিভিতে যাত্রা শুরু করেন। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘কাইসি ইয়ে ইয়ারিয়ান’, ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘পেয়ার টিউনে কিয়া কিয়া’ এবং ‘নাচ বালিয়ে’।