বিমানবাহিনী থেকে অবসর নেওয়া পাইলট তাহসিফ সাউরির মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখা হচ্ছে না, দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। তিনি জানান, তাহসিফ নিখোঁজ হওয়ার দিন মায়ের সঙ্গে সারাদিন কেনাকাটা করেছেন এবং হাসিখুশি ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কে এম এনায়েতুল করিম বলেন, ‘ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’ তিনি মনে করেন, সরকারি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।
তাহসিফের বাবা বলেন, ‘একজন পাইলট দেশের সম্পদ। কী উদ্দেশ্যে, কোন চক্র এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করা সম্ভব।’ তিনি জানান, ছেলের নিখোঁজ হওয়ার দিন দ্বীপ নামে তাহসিফের এক বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। তাহসিফ মাকে বলেছিল, ‘নিচে গিয়ে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসবো।’ কিন্তু এরপর আর বাসায় ফেরেনি।
তিনি আরও জানান, তাহসিফের কাছ থেকে রাত ১টা ৩৫ মিনিটে একটি ভয়েস মেসেজ পেয়েছিলেন। সেখানে তাহসিফ জানিয়েছিল, ‘আমি আসতেছি। রওনা হইছি, আসতেছি।’ দ্বীপের সঙ্গে তাদের পরিচয় ছিল এবং নিখোঁজ হওয়ার বিষয়ে ওই বন্ধুর সঙ্গে কথা হয়েছে। দ্বীপ জানিয়েছে, আগের দিন রাত ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিল, কিন্তু এরপর কী ঘটেছে তা জানে না।
তাহসিফের দাফন-কাফন শেষ হওয়ার পর মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তার বাবা।