মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নেত্রকোণায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি, তিনজন আটক

নেত্রকোণায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি, তিনজন আটক

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট করে নিয়ে যায়।

এই ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ককৈরগড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে। ডাকাতির পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই তিনজনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার (২৬), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘিরচর মুল্লাপাড়া গ্রামের আব্দুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ছরনাল গ্রামের শাহীন আলম (৩৮)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ডাকাত ধরতে অভিযানে নামে। ডাকাতির কবলে পড়া বাড়ি থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন সচল ছিল। সেটির সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ভোর সাড়ে ৫টার দিকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়।

এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় এবং পলাতকদের ধরতে অভিযান চলমান রয়েছে। সকাল বেলায় পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আরও জানান, থানায় ডাকাতি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন