রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনায় ১১ দলের লংমার্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আতঙ্ক ছড়িয়েছে উপস্থিত জনতার মধ্যে।

খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ৩ টার দিকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় শহীদ মিনারের সামনে এই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়ি বহর খুলনা থেকে ফুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলতলা বাজারে পথসভা শেষে সেখান থেকে যশোরে যাওয়ার কথা ছিল। গাড়িগুলো ফুলবাড়ী গেট পার হওয়ার পর শহীদ মিনারের সামনে পরপর দু'টি ককটেল বিস্ফোরিত হয়।

এছাড়া, একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল। বিস্ফোরণের ফলে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিগ্‌বিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।" তবে এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।

বিজ্ঞাপন