নরসিংদীর আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন নিহতের চাচা মোবারক হোসেন এবং তার ছেলে রাব্বি (১৭)।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে রাখা ইট নেওয়া নিয়ে আওলাদ হোসেনের সঙ্গে মোবারক হোসেনের পরিবারের কলহ বাঁধে। এ পরিস্থিতিতে মোবারক ও রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহিনের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার কারণ ও দোষীদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।