নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ৯ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত এক সপ্তাহে এই বিদ্যালয়ের মোট ৪৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে। এর আগে, ৭ সেপ্টেম্বর ১৬ জন এবং ১৪ সেপ্টেম্বর ২১ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে। ১৪ সেপ্টেম্বর অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানি সরকার জানান, "একর পর এক জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্তে এটিকে ম্যাস হিস্টিয়া বলে মনে হচ্ছে।"
তিনি আরও বলেন, "কৃষি বিভাগের তদন্তে বিদ্যালয়ের পাশে জমিতে কিটনাশক ব্যবহারের কারণে বাতাসে গন্ধ ছড়িয়ে এই ঘটনা ঘটতে পারে।" এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলেও জানান তিনি।