আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মঙ্গলবার বাগেরহাটে এক মতবিনিময় সভায় জানিয়েছেন যে বর্তমানে পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না।
মন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে। এসব মামলার ৯৯ শতাংশেরই বাদী ছিল পুলিশ। এখন আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাদের বিচার করতে ব্যর্থ হলে আমরা কাপুরুষ ও ভীরুতার পরিচয় দেব।’
মন্ত্রী দাবি করেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। সাড়ে চার হাজারের বেশি বিএনপির নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে এবং ৭০০ এর বেশি গুম করা হয়েছে।’
মাদক সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি এবং এটি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে।’
মতবিনিময় সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।