জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হুইপ উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত করেছে, সেই প্রত্যাশা বাস্তবায়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবিএম আশরাফ উদ্দিন বলেন, জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, যদিও সেখানে 'নোট অব ডিসেন্ট' ছিল।
তিনি আরও বলেন, কাগজে-কলমে পরিকল্পনা করলেই হবে না। জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন কোনো একজনের একার কাজ নয়। তৃণমূল পর্যায় থেকে সবাইকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হুইপ বলেন, এটি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এবিএম আশরাফ উদ্দিন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার প্রান্তিক পর্যায় পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে কিনা, তা তদারকি করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি তারেক রহমানের পরিকল্পনায় থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব কর্মসূচি বাস্তবায়নে স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো সুযোগ রাখা যাবে না।