রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে এসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপির জেলা ও মহানগর নেতাকর্মীদের বড় একটি অংশ।
সিলেটের প্রবেশমুখের সাতটি পয়েন্টে দলীয়ভাবে স্বাগত জানায় বিএনপি। তবে সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেননি জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, 'যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করা ও আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে অনুষ্ঠান বয়কট করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিকে নাগরিক সংবর্ধনা বলা হলেও প্রকৃত অর্থে এটি কোনো নাগরিক কমিটির মাধ্যমে আয়োজিত নয়। এটি সিসিকের একটি অনুষ্ঠান এবং আয়োজনটি একক ব্যক্তিকেন্দ্রিক।'
রাষ্ট্রপতিকে সম্মান জানাতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সিলেটে প্রবেশের পথে বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন। তবে সিটি করপোরেশনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা অংশ নেননি।
বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি অনুষ্ঠানটিতে যোগ দেন। এর আগে, বেলা সাড়ে ১১টায় সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন।
রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেট নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দিনব্যাপী নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাতেই ঢাকায় ফিরবেন।