রাজধানীর গুলশানে গত শুক্রবার আওয়ামী লীগের নিষিদ্ধ মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফজরের নামাজের পর মিছিল করে। প্রধানমন্ত্রীর এলাকায় যা ঘটেছে তা দিনের বেলাই হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলার সুযোগ নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’
জুলাই মাসের অভ্যুত্থানের সময়ের হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কোনো মন্তব্য নয়। আদালতের রায় সুবিচার বলে মনে করি।’
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭ জনের ফাঁসির রায় হওয়াতে হাইকোর্টের সামনে হয়তো ককটেল ছুড়েছে। এটা বড় কোনো বিষয় নয়।’
স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী চলবে। স্থানীয় সরকার আইন অনুসারে নির্বাচন হবে। কমিশন সম্ভাব্য যে তারিখ দিয়েছে সেটা মিডিয়ায় উপস্থাপন হয়েছে একটু অন্যভাবে। আন্তঃমন্ত্রণালয়ের সভা পর্যন্ত আমরা অপেক্ষা করি।’
অবৈধ ব্যাটারি রিকশা প্রসঙ্গে মন্ত্রী জানান, ‘অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন করছি। আবার অনেক মানুষ একবারে বেকার হোক এটা চাই না।’