গত সেপ্টেম্বরে ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন বাংলাদেশিকে তদন্তের আওতায় নেওয়া হয়েছে। ভেনিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয় সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশির নির্দেশ দিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ দূতাবাসও এই বিষয়ে অবহিত হয়েছে এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে বাঁধনের ওপর হামলার ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়।
সেপ্টেম্বরের এক সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী শেষে বাঁধন তার ভাই, ভাবি ও ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হন।
ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাদের ঘিরে ধরে এবং বাঁধনকে হুমকি ও গালিগালাজ করে। হামলাকারীরা তার দিকে ডিম ছুড়ে মারার পাশাপাশি শরীরে কোকাকোলা ও পানি ঢেলে দেয়।
হামলার সময় বাঁধনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি দিয়েও আঘাত করা হয়। এক পর্যায়ে হামলাকারীদের একজন বাঁধনের গালে চড় মারেন, যার ফলে তার চশমা মাটিতে পড়ে যায়।
বাঁধনের ভাই ও ভাবি তাকে রক্ষা করতে চেষ্টা করেন। হামলাকারীদের কয়েকজন পুরো ঘটনা মোবাইল ফোনে ধারণ করেন এবং একটি ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়, যা পরবর্তীতে বাংলাদেশে ছড়িয়ে পড়ে।
ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে, তবে তদন্তের আওতায় থাকা তিন বাংলাদেশির পরিচয় বা তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত জানানো হয়নি।