ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের মেস্ত্রে এলাকায় পার্কে হাঁটতে গেলে তাঁকে আক্রমণ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা।
একটি ভিডিওতে দেখা যায়, বাঁধনকে শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। স্থানীয় পুলিশ এসে বাঁধন এবং তাঁর ভাই ও ভাগ্নেকে উদ্ধার করে। বাঁধন বলেন, 'আমি এখানে আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম এবং আমাদের অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করছে।'
তিনি আরও জানান, হামলাকারীরা তাঁর গায়ে হাত তুলেছে এবং তাঁর ফোন ফেলে দিয়েছে। বাঁধন বলেন, 'তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাই যোদ্ধা।'
বাঁধন জানান, হামলাকারীরা তাঁকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলতে বাধ্য করছিল এবং তা ভিডিও করছে। তিনি বলেন, 'আপনারা যে কাজটি করেছেন, সেটি অগ্রহণযোগ্য।'
এছাড়া, বাঁধন জানান, হামলাকারীরা তাঁর ভাইয়ের ছোট সন্তানকেও ভয়ের মধ্যে রেখেছিল। তিনি বলেন, 'আমার কাছে মনে হচ্ছিলো, আজকে হয়তো আমাকে মেরেও ফেলতে পারে।'
বাঁধন বলেন, 'পুরো বাংলাদেশ আজ জানবে, কারণ একজন অভিনেত্রীকে এভাবে হেনস্তা করা হয়েছে।' তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা জানান। বর্তমানে তিনি নিরাপদ স্থানে রয়েছেন।