ফ্রান্সের আইফেল টাওয়ার ধর্মঘটের কারণে বন্ধ রাখা হয়েছে, যা হিন্দু ধর্মীয় দর্শনার্থীদের একটি দলের ভ্রমণের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মী ও কর্তৃপক্ষ।
গত শনিবার, বোচাসানওয়াসি আকসার পুরুষোত্তম সোয়ামিনারায়ণ সংস্থা বা বিএপিএস গ্রুপের প্রায় ১০০ জন সদস্য আইফেল টাওয়ার পরিদর্শন করেন। আইফেল টাওয়ার কর্মী ইউনিয়নের প্রতিনিধি ডায়ান ডেভয়েন জানান, দর্শনার্থীরা সেখানে পৌঁছানোর পর নারীদের স্থান পরিবর্তন করতে বলা হয়েছিল।
তিনি রয়টার্সকে বলেন, “নারী কর্মীদের তাদের কর্মস্থল ছেড়ে চলে যেতে বলা হয় এবং সেখানে পুরুষদের রাখা হয়।” ডেভয়েন আরও জানান, এই ঘটনার পর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে।
তিনি বলেন, “কর্মচারী ও বিশেষ করে নারীদের কাছে বিষয়টি একেবারেই মেনে নেওয়ার মতো ছিল না। তারা সবাই অপমানিত বোধ করেছেন।”
এদিকে, প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার জানিয়েছেন, ঘটনার পুরো প্রেক্ষাপট খতিয়ে দেখতে একটি তদন্ত করা হবে। তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, “আইফেল টাওয়ারের কর্মচারীদের প্রকাশিত ক্ষোভ আমি আমলে নিচ্ছি এবং তাদের অসন্তোষ সম্পূর্ণ যুক্তিসঙ্গত।”