প্যারিসের আইফেল টাওয়ারে ভারতীয় এক হিন্দু ধর্মীয় সংগঠনের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে ধর্মঘট শুরু হয়েছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) দর্শনার্থীদের জন্য আইফেল টাওয়ার বন্ধ রাখা হয়।
আইফেল টাওয়ার পরিচালনাকারী কর্তৃপক্ষ ঘটনার জন্য কর্মীদের কাছে 'ক্ষমা চেয়েছে' এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। অভিযোগ উঠেছে যে, ৫ সেপ্টেম্বর বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস)-এর সদস্যরা সফরে আসার পর নারী কর্মীদের সরে যেতে বলা হয়।
কর্মীদের ইউনিয়নের প্রতিনিধি ডায়ান দাভোয়ান বলেন, সফররত দলের সদস্যদের জন্য পুরুষ কর্মীদের রাখার উদ্দেশ্যে নারী কর্মীদের সরে যেতে বলা হয়েছিল। তিনি জানান, এই আচরণে নারীরা অপমানিত বোধ করেছেন।
দাভোয়ান জানান, ঘটনার পর কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে এবং সোমবার সকালে তারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেন। কর্তৃপক্ষ জানায়, ওই দলের সদস্যরা নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ করেছিলেন, যা প্রতিষ্ঠানের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে স্বীকার করে।
আইফেল টাওয়ারের প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েইল এই ঘটনা 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন এবং নারী-পুরুষের সমতার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার এ ঘটনার বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন এবং নারীদের সমতার নীতির গুরুত্ব তুলে ধরেছেন।
ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেনও এই ঘটনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন, নারীদের উপস্থিতি সীমিত করার প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। বিএপিএস সংগঠনটি তাদের সফরের কারণে দর্শনার্থীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।