সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ পেয়েছে। তারা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার এলাকার সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদরের মোহাম্মদ আব্দুর রহিম। বর্তমানে তারা সুস্থ রয়েছেন এবং আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আশা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই বাংলাদেশি বর্তমানে দাম্মামের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের এক প্রতিনিধি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তারা জানান, হামলার সময় গরম ও ধোঁয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
প্রসঙ্গত, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত এবং অন্তত আটজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সদস্যরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।