সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে মো. নাসরুল্লাহ বদরপুরি।
গতকাল শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন।
এ হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০৯ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।