ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি তার ফেসবুক পোস্টে বাঁধনকে সমর্থন জানিয়ে লেখেন, 'আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন।'
সারজিস আলম বলেন, 'যারা আপনাকে আক্রমণ করেছে, তাদেরকে আপনি 'বাঙালি ভাই' হিসেবে সম্বোধন করেছেন। তারা খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া নরপশু।' তিনি আরও বলেন, 'যদি খুনি হাসিনা ওই চৌদ্দশ' মানুষের মতো তাদের সন্তানদের খুন করতো, তারা তাও খুনি হাসিনার দালালি করতো।'
সারজিস আলম বাঁধনকে আশ্বস্ত করে লেখেন, 'এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কি প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে। উই আর প্রাউড অফ ইউ।'
উল্লেখ্য, গত সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে বাঁধন হেনস্থার শিকার হন। ভিডিওতে দেখা যায়, রাতে কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হয় এবং তার দিকে পানি ছুঁড়ে মারে। একজন মারতেও উদ্যত হয়। এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।
তিনি জানান, হামলার ফলে তার মুখ ফোলা ছিল এবং তিনি আতঙ্কিত ছিলেন।