মজুরি বোর্ড জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে। তবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।
৪ নভেম্বর, বুধবার, রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে। প্রথমে বোর্ডের চেয়ারম্যান ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। আজ তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি করা হয় এবং নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সৈয়দ আজাদ সুবহানী।
পোশাকশিল্পের শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে এই বিক্ষোভ গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও মিরপুরে ছড়িয়ে পড়ে। আজও এসব এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে।