মধ্যপ্রাচ্যে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। বর্তমানে, গত দুই মাসের মধ্যে তেলের দর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পথে রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৪ শতাংশ কমে ৯১ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম ৮৫ দশমিক ২৬ ডলার হয়েছে।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের উৎপাদন বৃদ্ধিও বাজারে সরবরাহ বাড়ার অন্যতম কারণ। দেশটি ওপেককে জানিয়েছে, অক্টোবরে তাদের তেল উৎপাদন আগের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদনের মধ্যে একটি।
এছাড়া, ইরাকও যুদ্ধকালীন সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড করেছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি এখন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
নিরাপদ নৌপথ নিশ্চিত না করেই বিকল্প ব্যবস্থায় রপ্তানি বাড়িয়েছে দেশগুলো। সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে তেল পরিবহন করছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুলনামূলক কম থাকলেও কূটনৈতিক অগ্রগতি খুব সামান্য। ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামসহ কোনো পারমাণবিক উপাদান দেশ থেকে সরানো হবে না।