শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

চলমান অস্থিরতায় পোশাক খাতে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

বাংলাদেশের পোশাক খাতে চলমান অস্থিরতায় ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

চলমান অস্থিরতায় পোশাক খাতে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

শ্রম ইস্যুতে চলমান অস্থিরতায় বাংলাদেশের পোশাক খাতে ক্ষতির পরিমাণ ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এই ক্ষতি শুধু পোশাক শিল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবহণ, ব্যাংকিং, লজিস্টিক, রপ্তানি এবং অন্যান্য খাতকেও প্রভাবিত করছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) এক জরুরি সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান বিজিবিএ সভাপতি আবদুল হামিদ পিন্টু। তিনি বলেন, চলমান অস্থিরতা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির কারণে সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি শান্ত হয়নি মজুরি বোর্ড গঠনের পরও।

সম্মেলনে ব্যবসায়ীরা উল্লেখ করেন, এই অস্থিরতা নতুন পণ্যের উৎপাদন ব্যাহত করছে এবং প্রস্তুতকৃত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণে বিলম্ব ঘটাচ্ছে। আগামী মৌসুমের জন্য নির্ধারিত পণ্য সরবরাহে পিছিয়ে পড়ার ফলে বাড়তি খরচ বহণ করতে হতে পারে।

অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ইতোমধ্যেই প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিজিবিএ সভাপতি। তিনি সতর্ক করে বলেন, চলমান সংকটের বিরূপ অর্থনৈতিক প্রভাব আগামী তিন মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে প্রতিফলিত হতে পারে।

বায়িং হাউজের ব্যবসায়ীরা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক হিসেবে উল্লেখ করে মালিকদের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানান, যাতে এটি তাদের নাগালের মধ্যে থাকে।

বিজ্ঞাপন