বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধায় দুর্গাপূজার দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধায় দুর্গাপূজার দায়িত্ব পালনকালে আনসার সদস্য তারা মিয়ার মৃত্যু হয়েছে।

গাইবান্ধায় দুর্গাপূজার দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন তারা মিয়া (৫০) নামে এক আনসার-ভিডিপি সদস্য। বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাঁর মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়া উপজেলার পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। বুধবার দুপুরে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, অসুস্থ অবস্থায় তারা মিয়াকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুরে যাওয়ার পথে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে, দুর্গাপূজার শুরু থেকেই তারা মিয়া জ্বরে ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। চিকিৎসকদের মতে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, পূজার দায়িত্ব পালনকালে আনসার সদস্য তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এটি উল্লেখ্য যে, এর আগে ১৮ অক্টোবর সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৬) নামে আরেক নারী আনসার সদস্যের মৃত্যু ঘটে। তিনি কিশামত বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন