রাঙামাটির সাজেক পর্যটন সড়কে ২২ অক্টোবর সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। এই অবরোধের পেছনে রয়েছে তিন দফা দাবি বাস্তবায়ন এবং প্রশাসনের দেওয়া আশ্বাস পূরণ না হওয়ার অভিযোগ।
‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ যৌথভাবে এই কর্মসূচির ঘোষণা দেয়। বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অবরোধ পালন করা হবে।
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বিবৃতিতে উল্লেখ করেন যে, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল।
তবে, ওই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় আবারও অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।
সেদিন প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।