সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা ও আহ্বায়ক বাবুধন চাকমা জানান, তিন দফা দাবি পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে, জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়া, নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
এছাড়া, সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।