ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম আকরাম ও হোসাইফা। তারা ওই গ্রামের সৌদিপ্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির সামনে খেলাধুলা করছিল ওই দুই ভাই। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে অচেতন অবস্থায় ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।