ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে। জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক কমিটি সিইআরডি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
কমিটির এক বিবৃতিতে বলা হয়, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে বাংলাভাষী মুসলমান, তফসিলি উপজাতি, দলিত সম্প্রদায় এবং ভারতের নাগরিক নন এমন বাসিন্দাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ সংঘটিত হচ্ছে। এই অপরাধগুলোর মধ্যে জাতিগত বিদ্বেষ থেকে সৃষ্ট সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা, আইনি প্রক্রিয়া ছাড়া দীর্ঘদিন আটকে রাখা, নির্যাতন, অসদাচরণ ও যৌন সহিংসতার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
সিইআরডি এসব ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে বলেছে, এসব জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কমিটি একই সঙ্গে এসব ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে।