বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভুটানের রাজার ঢাকায় যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

ভুটানের রাজা ঢাকায় যাত্রাবিরতি করে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভুটানের রাজার ঢাকায় যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

আজ বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করে।

বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি ভুটানের রাজাকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান।

রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান।

আলাপকালে রাষ্ট্রপতি জানান, বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি গভীর ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, ভুটান সবসময় বাংলাদেশের হৃদয়ে বিশেষ স্থান করে আছে, কারণ এটি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ।

ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি তাঁর ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজাকে বহনকারী বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বিজ্ঞাপন