রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতাদের বিরুদ্ধে।

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

শরীয়তপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের বিধান মজুমদার অনি, দ্য ডেইলি স্টারের জাহিদ হাসান রনি এবং দৈনিক এদিনের বরকত উল্লাহ। অভিযোগ রয়েছে, জেলা প্রশাসন সম্প্রতি প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করছিলেন।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় সাংবাদিক বিধান মজুমদার অনি সেখানে উপস্থিত হলে তাকে মারধর করা হয়।

ভুক্তভোগীরা জানান, জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা হামলায় জড়িত ছিলেন। হামলার সময় জাহিদ হাসান রনির মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় এবং ধারণ করা ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয়।

স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন। বিধান মজুমদার অনি বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে অতর্কিত হামলা চালানো হয়।”

জাহিদ হাসান রনি অভিযোগ করেন, তাকে মারধর করা হয়েছে এবং পরিচয়পত্র ও ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। বরকত উল্লাহ জানান, হামলার সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শরীয়তপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা উত্তেজিত আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন