সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) জানিয়েছে, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়ে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তা সঠিক নয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির গবেষণা দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির মতে, ঢাকাভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম দ্য ডিসেন্টে প্রকাশিত একটি প্রতিবেদনে সিপিডির নজরে আসে যে, ওই তথ্যটি বিভ্রান্তিকর ছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে এই তথ্য তুলে ধরা হয়েছিল।
সিপিডি জানায়, ওই স্লাইডে বলা হয়েছিল, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
তবে পরবর্তী যাচাইয়ে দেখা যায়, শিল্পকারখানা বন্ধের ওই তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদনের মাধ্যমে নেওয়া হয়েছিল। ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রতিবেদনটি সংশোধন করে ঢাকা ট্রিবিউন।
সিপিডির বিবৃতিতে জানানো হয়, ঢাকা ট্রিবিউনের আগের প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের মূল সময়কাল পরিবর্তন করে ‘জানুয়ারি থেকে আগস্ট ২০২৬’ উল্লেখ করা হয়েছিল।
সিপিডি আরও জানায়, শিল্পকারখানা বন্ধ হওয়ার বিষয়ে উদ্বেগের বিষয়টি অমূলক নয়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা এ বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন।
সংস্থাটি মনে করে, সরকারকে শিল্পকারখানা বন্ধ হওয়া ও কর্মসংস্থানের পরিস্থিতির দিকে বিশেষ নজর দিতে হবে। ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে সিপিডির গবেষণা দল আরও সতর্ক থাকবে বলেও জানানো হয়েছে।