প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো ফুটবল ও প্রযুক্তিকে একত্রিত করে তরুণদের কাছে পৌঁছানো।
টেকনোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান হামজা চৌধুরীর উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। পেশাদার ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করে হামজা দেশের ফুটবলপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
এই ঘোষণাটি এসেছে যখন টেকনো ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবে কাজ করছে। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ফুটবল ও তরুণ প্রজন্মের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।
আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তা দেখি, তা টেকনোর দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চাই।’
এই অংশীদারিত্বের আওতায় হামজা টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রচারণায় অংশ নেবেন। আসন্ন ক্যামন সিরিজের প্রচারের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট এবং ভোক্তা কার্যক্রমেও তাকে দেখা যাবে।
টেকনো জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্মার্টফোন প্রযুক্তি ব্যবহার করে ফুটবলের বিভিন্ন মুহূর্ত ধারণ এবং ভক্তদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানে মানুষের ভালোবাসা ও সমর্থন অসাধারণ। টেকনোর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’
টেকনো আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন ও ফুটবলভিত্তিক কনটেন্ট আয়োজন করবে, যা ফুটবলপ্রেমীদের কাছে আরও পৌঁছাতে সাহায্য করবে।