ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার (২৯ জুলাই) প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন।
তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বিকেল ৪টায় বৈঠক করেন। বৈঠক শেষে হাইকমিশনার ত্রিবেদী বলেন, 'আমাদের বৈঠকটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমি খুবই আনন্দিত।'
তিনি দুই দেশের ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি অভিন্ন স্বপ্নের কথাও উল্লেখ করেন। ত্রিবেদী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আমরা আন্তরিকভাবে অপেক্ষা করছি এবং আশাবাদী যে, দ্রুতই এ সফর হবে।'
গত ১২ জুন বেনাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে ঢাকায় আসেন দীনেশ ত্রিবেদী। ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিক কূটনৈতিক জীবন শুরু করেন তিনি।