ভারতের আসামে চলমান বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বর্তমানে বন্যাকবলিত মানুষের সংখ্যা কমে ৩ লাখ ৩২ হাজারে নেমে এসেছে।
রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে ৯ লাখ টাকা করার ঘোষণা দিয়েছে। এদিকে, শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নওগাঁও, সোনিতপুর এবং কামরূপ জেলা এখনও বন্যার পানিতে প্লাবিত রয়েছে।
এএসডিএমএ জানায়, এসব জেলার মোট ৬২২টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, বিমানবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ), ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা।
বুলেটিনে বলা হয়েছে, বন্যার কারণে প্রায় ৪৫ হাজার ৩৪২ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে ফসল এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।