রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা-দিল্লি সম্পর্কের ভিত্তি সাধারণ মানুষের বন্ধন: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় বলেছেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি সাধারণ মানুষের বন্ধন।

ঢাকা-দিল্লি সম্পর্কের ভিত্তি সাধারণ মানুষের বন্ধন: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি সাধারণ মানুষের বন্ধন—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি আজ সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

হাইকমিশনার ত্রিবেদী বলেন, ভবিষ্যতেও বিভিন্ন খাতে ঢাকা-দিল্লি অংশীদারত্ব টিকিয়ে রাখার প্রত্যয় রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকেরা, যাঁদের উদ্দেশে পাঠানো হয় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণী।

তিনি আরও বলেন, “মানুষের সঙ্গে মানুষের বন্ধনই হচ্ছে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের প্রাণস্পন্দন। অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা মানুষে মানুষে যোগাযোগই এই সম্পর্কের মূল ভিত্তি।”

দীনেশ ত্রিবেদী জানান, ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। তিনি বলেন, “অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করে ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের অসাধারণ বন্ধনকে আরও শক্তিশালী করে তুলি।”

বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সহ নানা খাতে দুদেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে কাজের প্রত্যয় ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।

বিজ্ঞাপন