রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল বারী, তিনি ওই এলাকার বদরুল্লাহর ছেলে।
স্থানীয়দের মতে, কিছু বহিরাগত যুবক গত কয়েকদিন ধরে বাকীর মোড় এলাকায় মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে বারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর গভীর রাতে প্রায় ৫০ জন যুবক এসে আব্দুল বারীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবারের সদস্যরা এখনও থানায় মামলা করতে আসেননি।
তিনি বলেন, "নিহত বারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। মামলা না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই হত্যাকাণ্ড কী নিয়ে হয়েছে। তবে আমিও শুনেছি মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। তারা মামলা দায়ের করলে বোঝা যাবে।"