হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলের জন্য দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ দুপুরে সংঘর্ষ শুরু হয়।
বিরোধপূর্ণ স্ট্যান্ড দখল নিয়ে উভয়পক্ষের সিএনজি ও টমটম চালকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে, যার ফলে ২৫ জনেরও বেশি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, সিএনজি ও টমটম স্ট্যান্ড নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ঘটে।