রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় আবারও ২ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এই রিমান্ড আদেশ দেন।
এর আগে, ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামির তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
রাকিবুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।