বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দেশটির এ-ওয়ান মহাসড়কে ৫০টির বেশি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি প্রথমে একটি বাস ও ট্রাকের সংঘর্ষের মাধ্যমে শুরু হয়।
পুলিশ, দমকলকর্মী ও অ্যাম্বুল্যান্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কিছু গাড়ি দুমড়েমুচড়ে গেছে এবং কয়েকটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়েছে। উদ্ধারকারী দল আশঙ্কা করছে যে, কিছু মানুষ গাড়ির ভেতরে আটকে থাকতে পারে।
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে আহতদের দ্রুত হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েনের নির্দেশ দেন।
এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।