জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় নিহত শিক্ষিকার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ব্যাগ এবং ইয়াবা।
গোয়েন্দা পুলিশ (ডিবি) নিশ্চিত করেছে যে, রাজধানী থেকে মঙ্গলবার এই দুজনকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মোটরসাইকেল থেকে ছিনতাইকারীরা বগুড়ার শিক্ষক রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে ৩০ আগস্ট শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। এর আগে র্যাব সন্দেহভাজন হিসেবে মো. পনি ও সেড্রিককে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে মোটরসাইকেল জব্দ করে।