রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট সংলগ্ন ঐতিহাসিক ‘সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ’ থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে চোর চক্র ঘণ্টাটি ডাস্টবিনের পাশে ফেলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মধ্যরাত ১২টা ৩ মিনিটের পর অজ্ঞাতনামা চোরেরা চার্চের ভেতরে প্রবেশ করে ঘণ্টাটি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি ঘটার ঠিক পূর্বমুহূর্তে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং সিস্টেমটি বন্ধ ছিল।
ভোর সাড়ে ৪টার দিকে বিষয়টি নজরে আসলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করে। চুরির পরপরই মোহাম্মদপুর থানার একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি ও অভিযানের মুখে চোর চক্র মালামাল লুকিয়ে রাখতে ব্যর্থ হয়।
২ অক্টোবর ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে তল্লাশি চালিয়ে সাদা পলি ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি মোহাম্মদপুর থানার হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ চুরির সময় সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ হওয়ার পেছনের রহস্য এবং অভ্যন্তরীণ কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করছে। এছাড়া আশপাশের সড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।