গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক রাব্বি হোসেন (২৫) গ্রেপ্তার হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, রাব্বি হোসেনের বিরুদ্ধে ৯ বছর বয়সী শিক্ষার্থী মো. ওসমান গণি নাঈমের নিতম্বে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৪ নভেম্বর বিকেলে এই ঘটনা ঘটে।
শিশুটির মা ৫ নভেম্বর সন্ধ্যায় মাদরাসা থেকে ছেলে বের হওয়ার পর নির্যাতনের বিষয়টি জানালে তিনি টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, অভিযুক্ত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন।
রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।