ফেনীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চোরের উপদ্রবে রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের সাবস্টেশন থেকে ২৬ অক্টোবর চুরি হয় ট্রান্সফরমার ও জেনারেটরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন স্থানে প্রায়ই ছোটোখাটো চুরির ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ এসব বিষয়ে উদাসীন থাকায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে চুরির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহও প্রকাশ করেছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. জালাল হোসেন জানান, চুরির ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে এবং ১০ জন আনসার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।” প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অন্তত দুই হাজার রোগী।