রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে চার বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর ফরিদপুরের মধুখালী উপজেলায় শিশুটি তার মায়ের নজর এড়িয়ে নিজ ঘরে ছিল। এ সময় আশরাফুল উকিল শিশুটির ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়ন করেন। শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে এলে আশরাফুল পালিয়ে যান।

পরদিন শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রোববার এ রায় ঘোষণা করেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আদালত আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন