চট্টগ্রামের হালিশহর থানার পুলিশের একটি টহল ভ্যান চুরির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ভ্যানটি যেকোনো গাড়ির চাবি দিয়ে স্টার্ট করা যায়, এমনকি মোটরসাইকেলের চাবি দিয়েও এটি চালু করা সম্ভব।
গত ১৮ নভেম্বর দুপুরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে ভ্যানটি চুরি হয়। ঘটনার সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুইজন ভ্যানটির আশপাশ পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে একজন, রুবেল, ভ্যানটির চালকের সঙ্গে কথা বলেন।
রুবেল পরে পুলিশের গাড়ির জন্য নির্ধারিত একটি পেট্রলপাম্প থেকে বিনামূল্যে ২৮ লিটার জ্বালানি নেন। গাড়িতে সমস্যা দেখা দিলে তিনি একটি গ্যারেজেও যান। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জু জানান, রুবেলকে প্রথমে ২০০ টাকা এবং পরে ৫০০ টাকা দেওয়া হয়।
পুলিশের ধারণা, কবিরের নির্দেশে ভ্যানটি চুরি করা হয়েছে এবং ভ্যানটিতে আগুন দিয়ে পুলিশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও চালক আক্তারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়ে সেটি চালু করা গেছে। তিনি বলেন, সরকারি গাড়ি হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট সদস্যদের, যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।