চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃতদের মধ্যে রয়েছেন হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন এবং তাদের মেয়ে লিমা খাতুন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মতিউর রহমান জানান, সকালে মিলি খাতুন নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানঘর খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে লিমা খাতুনও বিদ্যুতায়িত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।