রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট চাপো ইসিদ্রো গ্রেফতার

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট চাপো ইসিদ্রো গ্রেফতার, বন্দুকযুদ্ধে নিহত সাত সন্দেহভাজন।

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট চাপো ইসিদ্রো গ্রেফতার

মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর গ্রেফতার হয়েছেন কুখ্যাত মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেস। তিনি যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের ১০ শীর্ষ মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ছিলেন। শুক্রবার (২০ নভেম্বর) মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গুয়াসাভে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় আরও সাতজনকে আটক করা হয় এবং সাত সন্দেহভাজন নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি-বিস্ফোরক হামলা চালানো হয়েছিল। মেসা ফ্লোরেসকে দীর্ঘদিন ধরে অপরাধের অভিযোগে খোঁজা হচ্ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন ও হেরোইন ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এফবিআইয়ের অভিযোগ, মাদক পাচারের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সমাজে ব্যাপক ক্ষতি করেছেন। যুক্তরাষ্ট্র মেসা ফ্লোরেসের প্রত্যর্পণের দাবি জানিয়েছে। তার নেতৃত্বাধীন অপরাধী চক্র ‘মেসা ফ্লোরেস অর্গানাইজেশন’ বা ‘গুয়াসাভে কার্টেল’ নামে পরিচিত। তিনি ১৯৯০-এর দশক থেকেই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মেসা ফ্লোরেসের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালানোর পরিকল্পনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ ও বিস্ফোরক হামলার মুখে পড়ে।

অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুয়াসাভে এলাকায় হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য দেখা যায়। আটক আটজনের মধ্যে মেসা ফ্লোরেসের ঘনিষ্ঠ সহযোগী ও চাচাতো ভাই রয়েছেন, যিনি সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা।

মেসা ফ্লোরেসকে গ্রেফতার করার পর যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল মেক্সিকোর হারমোসিয়ো শহরে সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, গুয়াসাভে ও নাভোলাতো এলাকায় নিরাপত্তা অভিযান ও সশস্ত্র সংঘর্ষের খবর পর্যবেক্ষণ করা হচ্ছে।

২০২৫ সালে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় মেসা ফ্লোরেসের নাম অন্তর্ভুক্ত হয়। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ৪৪ বছর বয়সী এই মাদকসম্রাট একসময় মেক্সিকোর বেলত্রান লেইভা অর্গানাইজেশনের উচ্চপর্যায়ের সদস্য ছিলেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং মাদক পাচার ও অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছেন।

বিজ্ঞাপন