ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণ, মিনহাজ, রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময়ে নতুন করে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন, তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর মোট ৩ হাজার ৫১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম রয়েছেন। তাদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুজনিত জটিলতা ও রক্তক্ষরণজনিত সমস্যা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।