পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিদেশি মদ বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নতুন হাট ব্র্যাক অফিসের পাশের একটি তিনতলা বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রায় ১০০ লিটার বিদেশি মদ ও দুই হাজার লিটার মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর এবং অপরজন বাসা মালিক মো. উজ্জ্বল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহমান জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র দেশি-বিদেশি মদ তৈরি করে গ্রীন সিটি এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।