পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান আসামী নুর আলম (৩৫) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নুর আলমকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নবীনগর এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে রোববার রাতে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে আসা হয়। নুর আলম তেঁতুলিয়া উপজেলার দেবমগড় ইউনিয়নের ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনের সঙ্গে নুর আলমের দোকানে চকলেট কিনতে যায়। সেখানে নুর আলম শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নিপীড়ন করে এবং পরে ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা সঙ্গে সঙ্গে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে নুর আলম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় 'এসআরবি-১৩' নীলফামারী ও 'এসআরবি-৪' ঢাকার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে নুর আলমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
ওসি লাইছুর রহমান বলেন, আসামী নুর আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে তাকে তেঁতুলিয়া নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।