রাশিয়াতে চাকরি দেওয়ার প্রলোভনে নিয়ে যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৪ অক্টোবর) এসআরবি'র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাবালে নূর, এস আর ও টিএস নামে ৩ প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশি রাশিয়াতে গিয়েছিল। ২১ দিনের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে নামানো হলে ২০ জনেরই মৃত্যু ঘটে। মারাত্মক আহত অবস্থায় দেশে ফিরেছেন ২ জন। বর্তমানে ৬ জন যুদ্ধের ময়দানে লড়াই করছেন।
এছাড়া, ভুয়া এজেন্ট ও মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে অনেকেই রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জীবন পার করছেন। উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধে নিয়োজিত করার চক্রটি দীর্ঘদিন ধরে সচল রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাশিয়ায় পৌঁছালে সাধারণ চাকরির পরিবর্তে জোরপূর্বক সামরিক চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সামরিক প্রশিক্ষণ ছাড়াই ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হয় তাদের।