মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত এসআই রাকিবুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
অভিযানের সময় তিন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করে।
আহত এসআই রাকিবুল বর্তমানে শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তির নাম অপু, যিনি হরিশপুর গ্রামের জালালা হোসেনের ছেলে।