কেনিয়ার দৌড়বিদ এলিউড কিপচোগে ৪১ বছর বয়সে মেলবোর্ন ম্যারাথনে কোর্স রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ২ ঘণ্টা ৯ মিনিট ১০ সেকেন্ডে দৌড় শেষ করেন, যা তার ক্যারিয়ারের ১৭তম জয়।
এই জয়ের মাধ্যমে কিপচোগে ২০২৩ সালের বার্লিন ম্যারাথনের পর প্রথমবার ম্যারাথনে জয়ী হলেন। তিনি জানান, "আমি বিশ্বাস করি, আমার শরীর এখনো সেরা অবস্থায় রয়েছে। নতুন প্রজন্মের দৌড়বিদদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমার আছে।"
মেলবোর্ন ম্যারাথনের একটি অংশ ছিল অস্ট্রেলিয়ার ফর্মুলা ওয়ান রেসের ট্র্যাকের ওপর দিয়ে। দৌড় শেষ হয় বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)।
পুরুষদের বিভাগে অস্ট্রেলিয়ার থমাস ডো ক্যান্টো ২ ঘণ্টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। নারীদের বিভাগে নিউজিল্যান্ডের ক্যামিল ফ্রেঞ্চ ২ ঘণ্টা ২৮ মিনিট ২৫ সেকেন্ডে দৌড় শেষ করে চ্যাম্পিয়ন হন।
কিপচোগে সাতটি মহাদেশে ম্যারাথন দৌড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এই দৌড়ে অংশ নেন। প্রতিটি দৌড় থেকে পাওয়া অর্থ দেওয়া হবে এলিউড কিপচোগে ফাউন্ডেশনে, যা শিক্ষা, পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কাজ করে।
কিপচোগে ২০১৯ সালে ভিয়েনায় বিশেষ ব্যবস্থায় দুই ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করা প্রথম ব্যক্তি হন, যদিও সেই সময়টি আনুষ্ঠানিক বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি।